[email protected] সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬ ১২:৩৭ পিএম

সংগৃহীত ছবি

বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে রাজনৈতিক ব্যক্তিদের অংশগ্রহণ বন্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার।

নতুন প্রস্তাব অনুযায়ী, মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) এবং স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিরা ব্যাংকের পরিচালক হতে পারবেন না। একইভাবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রেও রাজনৈতিক পদে থাকা ব্যক্তিদের অযোগ্য রাখার পরিকল্পনা করা হয়েছে।

 

ব্যাংক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সংশোধনী আইনের খসড়া চূড়ান্ত করেছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর কথা রয়েছে। পরবর্তী সময়ে মন্ত্রিসভার অনুমোদনের জন্য এটি উপস্থাপন করা হবে।

 

খসড়ায় পরিচালনা পর্ষদে রাজনৈতিক প্রভাব কমানোর পাশাপাশি একই পরিবারের সদস্যদের সংখ্যা সীমিত করা, স্বতন্ত্র পরিচালক বাড়ানো এবং পরিচালকদের দায়িত্ব পালনের মেয়াদ কমানোর প্রস্তাব রয়েছে। আগের অন্তর্বর্তী সরকারের সময়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংক আইন সংশোধনে যেসব সুপারিশ করেছিল, সেগুলোর অধিকাংশই নতুন খসড়ায় স্থান পেয়েছে।

 

বর্তমান আইনে ব্যাংকের পরিচালনা পর্ষদে এমপি ও মন্ত্রীদের থাকার বিষয়ে সরাসরি নিষেধাজ্ঞা নেই। তবে সংবিধানের ১৪৭ অনুচ্ছেদ অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যরা লাভজনক পদে থাকতে বা মুনাফার উদ্দেশ্যে পরিচালিত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনায় অংশ নিতে পারেন না।

 

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার সরকারের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁর মতে, ব্যাংকের পরিচালনা পর্ষদ রাজনৈতিক প্রভাবমুক্ত থাকাই বাঞ্ছনীয়।

 

এক পরিবার থেকে সর্বোচ্চ দুই পরিচালক

নতুন সংশোধনীতে একই পরিবারের সদস্যদের ব্যাংকের পরিচালনা পর্ষদে প্রতিনিধিত্ব কমানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে একটি পরিবার থেকে সর্বোচ্চ তিনজন একই ব্যাংকের পরিচালক থাকতে পারেন। প্রস্তাব কার্যকর হলে এ সংখ্যা কমে দুজনে দাঁড়াবে।

 

এ ছাড়া একই পরিবারের নিয়ন্ত্রণাধীন বা স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পরিচালক নিয়োগের সুযোগও সীমিত করা হচ্ছে। বর্তমানে এ ধরনের প্রতিষ্ঠানের দুজন প্রতিনিধি পরিচালক থাকার সুযোগ থাকলেও নতুন প্রস্তাবে তা কমিয়ে একজন করার কথা বলা হয়েছে।

 

অতীতে দেশের কয়েকটি বড় শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর প্রভাব বিস্তার এবং নানা অনিয়মের অভিযোগ উঠেছিল। এসব প্রতিষ্ঠানের মালিকপক্ষের পাশাপাশি পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়দের ব্যাংকের পরিচালনা পর্ষদে রাখার বিষয়টিও আলোচনায় আসে। এ ধরনের পারিবারিক নিয়ন্ত্রণ কমানোই নতুন বিধানের অন্যতম লক্ষ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

পরিচালকের দায়িত্ব পালনের মেয়াদ অর্ধেক হচ্ছে

ব্যাংকের একজন পরিচালক একটানা সর্বোচ্চ কত বছর দায়িত্ব পালন করতে পারবেন, সেই সীমাও কমানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে টানা ১২ বছর দায়িত্ব পালনের সুযোগ থাকলেও নতুন খসড়ায় তা ছয় বছরে নামিয়ে আনার কথা বলা হয়েছে।

 

প্রস্তাব অনুযায়ী, কোনো ব্যক্তি একই ব্যাংকের পরিচালক হিসেবে টানা ছয় বছর দায়িত্ব পালনের পর পরবর্তী তিন বছর ওই ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না।

 

উল্লেখ্য, একসময় পরিচালকদের একটানা দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ছিল ছয় বছর। ২০১৮ সালে আইন সংশোধন করে তা নয় বছর এবং ২০২৩ সালে আরও বাড়িয়ে ১২ বছর করা হয়।

 

বিএবি চেয়ারম্যান আবদুল হাই সরকার জানিয়েছেন, তাঁদের পক্ষ থেকে মেয়াদ নয় বছর রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সরকার ছয় বছরের যে সিদ্ধান্ত নিয়েছে, তা তাঁরা মেনে নিয়েছেন।

 

স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ছে

ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ বাড়াতে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বৃদ্ধির প্রস্তাবও রয়েছে সংশোধনীতে।

 

বর্তমানে সর্বোচ্চ ২০ সদস্যের পর্ষদে দুই থেকে তিনজন স্বতন্ত্র পরিচালক রাখার বিধান রয়েছে। নতুন প্রস্তাবে এ সংখ্যা বাড়িয়ে তিন থেকে চারজন করার কথা বলা হয়েছে। অন্যদিকে, ২০ জনের কম সদস্যবিশিষ্ট পর্ষদে বর্তমানে দুজন স্বতন্ত্র পরিচালক বাধ্যতামূলক থাকলেও তা বাড়িয়ে তিনজন করার পরিকল্পনা রয়েছে।

 

স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শেয়ারহোল্ডারদের প্রভাবমুক্ত রাখার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। প্রস্তাবিত বিধান অনুযায়ী, কোনো ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের অতীত, বর্তমান কিংবা ভবিষ্যৎ স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক থাকলে তাঁকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।

 

সংশ্লিষ্টদের আশা, এসব পরিবর্তন কার্যকর হলে ব্যাংকের পরিচালনা পর্ষদে রাজনৈতিক ও পারিবারিক প্রভাব কমবে। পাশাপাশি ব্যাংক পরিচালনায় পেশাদারত্ব, স্বচ্ছতা এবং জবাবদিহি বাড়বে।

এফ/ডি

সম্পর্কিত খবর