[email protected] সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুরোনো স্বর্ণের গহনা বদল ও বিক্রিতে কর্তন কমাল বাজুস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬ ১২:১০ পিএম

সংগৃহীত ছবি

পুরোনো স্বর্ণের গহনা বিক্রি কিংবা পরিবর্তন করে নতুন অলংকার কেনার ক্ষেত্রে গ্রাহকদের জন্য ছাড়ের সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুরোনো স্বর্ণের গহনা বদলে নতুন গহনা কেনার সময় ৯ শতাংশ এবং সরাসরি বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ মূল্য কর্তন করা হবে।

 

শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। রোববার (২২ নভেম্বর) থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে।

 

এর আগে গত ৫ সেপ্টেম্বর নির্ধারিত নিয়ম অনুযায়ী, পুরোনো স্বর্ণের গহনা পরিবর্তন করে নতুন গহনা কেনার ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ সরাসরি বিক্রির সময় ১৮ শতাংশ কর্তন করা হতো। নতুন সিদ্ধান্তে গহনা বিনিময়ের ক্ষেত্রে কর্তনের হার ৩ শতাংশীয় পয়েন্ট কমানো হয়েছে। অন্যদিকে সরাসরি বিক্রির ক্ষেত্রে আগের ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

 

বাজুসের নতুন নিয়মে গ্রাহকদের আর্থিক সুবিধাও বাড়বে। যেমন, কোনো পুরোনো গহনার মূল্য যদি ১ লাখ টাকা নির্ধারণ করা হয়, তাহলে আগের নিয়মে বিনিময়ের সময় ১২ হাজার টাকা বাদ পড়ত। এখন ৯ শতাংশ কর্তন হিসেবে বাদ যাবে ৯ হাজার টাকা। অর্থাৎ গ্রাহক আগের তুলনায় ৩ হাজার টাকা বেশি মূল্য পাবেন।

 

তবে পুরোনো স্বর্ণের দাম নির্ধারণের ক্ষেত্রে গহনার ওজন, ক্যারেট ও বিশুদ্ধতা বিবেচনায় নেওয়া হবে। এ কারণে গহনা বিক্রি বা বদল করার আগে ওজন ও স্বর্ণের মান যাচাই করে নেওয়া এবং দোকানের মূল্য নির্ধারণের হিসাব ভালোভাবে বুঝে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

গ্রাহকদের সতর্ক থাকতে বলা হয়েছে, স্বর্ণ বিক্রির আগে সংশ্লিষ্ট দিনের বাজুস নির্ধারিত দর যাচাই করা জরুরি। পাশাপাশি ওজন, ক্যারেট, আনা ও রত্তির হিসাব মিলিয়ে নেওয়া উচিত। প্রয়োজনে অন্য কোনো নির্ভরযোগ্য দোকানে গহনার ওজন পরীক্ষা করিয়ে নিতে পারেন। এতে মূল্য নির্ধারণে ভুল বোঝাবুঝি কিংবা অতিরিক্ত কর্তনের ঝুঁকি কমবে।

এফ/ডি

সম্পর্কিত খবর