তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের
(সিপিডি) প্রস্তাবে থাকা কয়েকটি তথ্য ও হিসাবপদ্ধতির বিষয়ে ব্যাখ্যা চেয়েছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
সংগঠনটির অভিমত, শ্রমিক পরিবারের আকার, আয়কারী সদস্যের সংখ্যা, দারিদ্র্যসীমা এবং খাদ্যবহির্ভূত খরচের হিসাব নির্ধারণে সিপিডি যে পদ্ধতি অনুসরণ করেছে, তা নতুন করে খতিয়ে দেখা দরকার। পাশাপাশি মজুরি কাঠামো চূড়ান্ত করার ক্ষেত্রে কারখানার উৎপাদন খরচ এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতাকেও গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছে তারা।
গত ১৯ নভেম্বর সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে পাঠানো এক চিঠিতে বিজিএমইএ এসব বক্তব্য ও প্রস্তাব তুলে ধরে।
চিঠিতে উল্লেখ করা হয়, সিপিডি পাঁচটি সমীক্ষার মধ্যক ধরে পোশাকশ্রমিকদের পরিবারে সদস্যসংখ্যা ৪ জন এবং উপার্জনক্ষম সদস্য ১ দশমিক ৫৮ জন নির্ধারণ করেছে। তবে বিজিএমইএর মতে, মধ্যকের বদলে গড় পদ্ধতি ব্যবহার করা বেশি যুক্তিসংগত। কারণ, সিপিডির ২০২৩ সালের সমীক্ষাতেই শ্রমিক পরিবারের গড় সদস্যসংখ্যা ৩ দশমিক ৭ জন এবং উপার্জনক্ষম সদস্য ২ জন পাওয়া গিয়েছিল। এ ছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিসংখ্যান অনুযায়ী, দেশজুড়ে পরিবারের গড় সদস্যসংখ্যা ২০০৪ সালের ৪ দশমিক ৬৬ জন থেকে কমে ২০২৩ সালে ৩ দশমিক ৯৬ জনে দাঁড়িয়েছে।
দারিদ্র্যসীমা নির্ধারণ প্রসঙ্গে বিজিএমইএ জানায়, পুরো পোশাক খাতের জন্য সিপিডি কেবল ঢাকা মহানগরের উচ্চ দারিদ্র্যসীমা ধরেছে; অথচ অঞ্চলভিত্তিক কারখানার অবস্থান ও রপ্তানির হিস্যা অনুযায়ী ওজনভিত্তিক গড় উচ্চ দারিদ্র্যসীমা নির্ধারণ করা উচিত। বিজিএমইএর হিসাব মতে, ২০২৫-২৬ অর্থবছরে ঢাকা শহরের কারখানাগুলো থেকে মোট পোশাক রপ্তানির মাত্র ৯ শতাংশ এসেছে।
এ ছাড়া খাদ্যবহির্ভূত ব্যয়ের সঙ্গে আলাদাভাবে আরও ১০ হাজার টাকা আবাসন ব্যয় যুক্ত করায় একই খরচ দু’বার হিসাবভুক্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করে বিজিএমইএ। তাদের মতে, খাদ্যবহির্ভূত ব্যয়ের মধ্যেই আবাসন ব্যয় ধরা থাকে।
চিঠিতে আরও বলা হয়, ২০২৩ সালের ডিসেম্বরে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করা হলেও পরের বার্ষিক ইনক্রিমেন্ট, বিশেষ করে ২০২৪ সালের ৯ শতাংশ ইনক্রিমেন্ট হিসাবে ধরা হয়নি। একই সঙ্গে শ্রমিকপক্ষের প্রস্তাবিত অন্যান্য গ্রেডের মজুরি বিষয়েও সিপিডির স্পষ্ট পর্যালোচনা প্রয়োজন বলে জানায় সংগঠনটি।
খাতের বাস্তব চিত্র তুলে ধরে বিজিএমইএ জানায়, গত তিন বছরে উৎপাদন খরচ ২৫ থেকে ৩০ শতাংশ বেড়েছে। অন্যদিকে একই সময়ে রপ্তানি মূল্য ২ দশমিক ৬ শতাংশ কমেছে। ব্যাংকঋণের সুদহার ১২ থেকে ১৬ শতাংশে উঠেছে এবং রপ্তানি প্রণোদনা প্রায় ৭০ শতাংশ কমানো হয়েছে। এই সময়ে ২৮৭টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে।
চিঠিতে বাংলাদেশসহ প্রতিদ্বন্দ্বী দেশগুলোর ন্যূনতম মজুরি বৃদ্ধির হারের তুলনাও করা হয়েছে। বিজিএমইএর তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশে ন্যূনতম মজুরি ১৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে ভারতে ৫৯ শতাংশ, ভিয়েতনামে ৫৪ শতাংশ এবং কম্বোডিয়ায় ৫০ শতাংশ বেড়েছে। পাশাপাশি গ্যাস-বিদ্যুতের ঘাটতি, বিনিয়োগ কমে যাওয়া, নীতিগত অস্থিরতা এবং এলডিসি থেকে উত্তরণের মতো চ্যালেঞ্জ খাতের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতায় চাপ তৈরি করছে।
এমন বাস্তবতায় কেবল ন্যূনতম মজুরি নয়, খাতের গড় মজুরি ব্যয়, উৎপাদন খরচ ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতার বিষয়গুলো সমন্বিতভাবে বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছে বিজিএমইএ। পাশাপাশি স্বচ্ছ, যৌক্তিক ও তথ্যনির্ভর মজুরি কাঠামো তৈরিতে সিপিডির সহায়তা প্রত্যাশা করেছে সংগঠনটি।
এইচ/এম