[email protected] শনিবার, ২১ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশি হয়রানির আতঙ্কে ঘরছাড়া শ্রমিক নেতারা, ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬ ৭:৩৫ এএম

সংগৃহীত ছবি

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও হয়রানির কারণে তৈরি পোশাকশ্রমিক ফেডারেশনগুলোর

 আঞ্চলিক কার্যালয় বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন নেতারা। এমনকি প্রতি রাতে ডিবি পুলিশের তল্লাশি ও অভিযানের ফলে সৃষ্ট আতঙ্কে শ্রমিক নেতারা নিজেদের বাসাবাড়িতেও অবস্থান করতে পারছেন না বলে অভিযোগ তুলেছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)।

​বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের নেতারা এসব অভিযোগ করেন।

​সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আইবিসির সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন। এ সময় জোটের সভাপতি মীর আবুল কালাম আজাদ, জ্যেষ্ঠ সহসভাপতি আমিরুল হক আমিন এবং সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ ও রুহুল আমিনসহ শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

​লিখিত বক্তব্যে সালাউদ্দিন স্বপন উল্লেখ করেন, চলমান শ্রমিক আন্দোলনের জেরে আইবিসিভুক্ত ফেডারেশনগুলোর আঞ্চলিক পর্যায়ের ১২ জন নেতা ও অসংখ্য সাধারণ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।

​প্রশ্ন রেখে তিনি বলেন, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে আন্দোলনে তৃতীয় পক্ষ বা ক্ষমতাচ্যুত সাবেক সরকারের লোকজন ঢুকে নাশকতা চালাচ্ছে। যদি তা-ই হয়, তবে কোনো ধরনের বিশৃঙ্খলায় জড়িত না থাকা সত্ত্বেও নিরপরাধ শ্রমিক নেতাদের কেন গণহারে গ্রেপ্তার করা হচ্ছে এবং কেন তারা নিজ এলাকায় থাকতে পারছেন না?

​আইবিসি নেতারা আরও অভিযোগ করেন, অনেক কারখানা মালিক শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী নোটিশ ঝুলিয়ে কারখানা বন্ধ ঘোষণা করছেন। এর ফলে ‘কাজ নেই, মজুরি নেই’ নীতির আওতায় হাজার হাজার শ্রমিক তাদের প্রাপ্য বেতন-ভাতা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়েছেন। যেসব কারখানায় শ্রমিকরা কাজ করতে ইচ্ছুক, সেখানে ১৩ (১) ধারা প্রয়োগ করে বন্ধ রাখা হলেও শ্রমিকদের পূর্ণ মজুরি পরিশোধের জোর দাবি জানান তারা।

​সংবাদ সম্মেলন থেকে আইবিসির পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—

১. পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ।

২. গ্রেপ্তার হওয়া সব শ্রমিক নেতা ও সাধারণ শ্রমিকের অবিলম্বে মুক্তি।

৩. আঞ্চলিক পর্যায়ের নেতাকর্মীদের ওপর চলমান পুলিশি হয়রানি বন্ধ করা।

৪. নিহত শ্রমিক তৌফিক শেখ ও মো. সেলিম হত্যার সুষ্ঠু বিচার এবং তাদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ প্রদান।

​এসব দাবি আদায়ের আন্দোলনের পাশাপাশি নিম্নতম মজুরি বোর্ডের চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত সাধারণ শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কারখানার কাজে যোগ দেওয়ার আহ্বান জানান আইবিসি নেতারা।

এইচ/এম

সম্পর্কিত খবর