[email protected] মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩

২৭ সেপ্টেম্বর স্বর্ণের নতুন দাম, ভরিতে কমল ১,৬৯১ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫০ এএম

সংগৃহীত ছবি

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম।

আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমার প্রভাবে এই সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়েছে। ফলে এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে খরচ হবে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নির্ধারিত দাম কার্যকর হয়েছে। ফলে রোববার (২৭ সেপ্টেম্বর) দেশের বাজারে এই দরেই স্বর্ণ বিক্রি হবে।

 

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের দাম কমেছে ১ হাজার ৩০১ টাকা। এতে এই মানের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে ১ হাজার ১০৮ টাকা কমে দাম হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

 

এর আগে ১৯ সেপ্টেম্বর ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছিল বাজুস। তখন দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও দাম কমল।

 

বাজুসের পরিসংখ্যান বলছে, ২০২৬ সালে এখন পর্যন্ত ১১৭ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ৫৮ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ৫৯ বার। এর আগের বছর, অর্থাৎ ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ৬৪ বার দাম বাড়ানোর বিপরীতে ২৯ বার কমানো হয়।

 

চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম একবারে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়। এখন পর্যন্ত এটিই দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ নির্ধারিত দাম।

এসআর

সম্পর্কিত খবর