বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক এখন বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার কিংবা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে পারবেন। আগে এ সীমা ছিল ১২ হাজার ডলার।
রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। এতে দেশের সব অনুমোদিত ডিলারকে নতুন নির্দেশনা অনুসরণের কথা জানানো হয়।
পরিপত্রে বলা হয়েছে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রার প্রকৃত চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের ক্রমবর্ধমান প্রয়োজন বিবেচনায় নিয়ে বার্ষিক বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্টের সীমা বাড়ানো হয়েছে।
তবে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আগের নিয়মই কার্যকর থাকবে। ১২ বছরের কম বয়সী ভ্রমণকারীরা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সীমার সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবেন।
এদিকে নতুন সীমার মধ্যে নগদ ডলার বহনের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
একজন ভ্রমণকারী সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলারের নোট নগদ সঙ্গে নিতে পারবেন। এর বেশি বৈদেশিক মুদ্রা ব্যবহারের প্রয়োজন হলে কার্ড বা অনুমোদিত অন্য ব্যাংকিং মাধ্যমে তা ব্যয় করতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশ ভ্রমণের জন্য বৈদেশিক মুদ্রা ছাড়ের ক্ষেত্রে অন্যান্য প্রচলিত নিয়ম ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
নতুন নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংক, অনুমোদিত ডিলার ও গ্রাহকদের বিষয়টি জানাতে বলা হয়েছে।
এসআর