আন্তর্জাতিক বাজারে দরপতনের মুখে পড়েছে স্বর্ণ। মধ্যপ্রাচ্যের বিরাজমান রাজনৈতিক
অস্থিরতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার বাড়ানোর জোরালো পূর্বাভাসের কারণেই মূলত মূল্যবান ধাতুটির দামে এই বড় ধাক্কা লেগেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালের লেনদেনে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ৪,৪৩৭.১০ ডলারে নেমে আসে, যা গত ১৯ আগস্টের পর সর্বনিম্ন। তবে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ০.১ শতাংশ সামান্য বৃদ্ধি পেয়ে ৪,৪৮৫.৩০ ডলারে স্থির হয়।
মূলত ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না এলে সুদের হার আরও বাড়ানোর কড়া বার্তা দেওয়ার পর থেকেই বাজারে অস্থিরতা তৈরি হয়। বর্তমান বাজার বিশ্লেষণে সেপ্টেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ৬৬ শতাংশ এবং ডিসেম্বরে ৮৯ শতাংশ বলে ধারণা করা হচ্ছে। সাধারণত সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের ওপর বিনিয়োগকারীদের আগ্রহ অনেকটাই কমে যায়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যপ্রাচ্য কেন্দ্রিক নতুন সংঘাতের আশঙ্কায় জ্বালানি তেলের বাজারেও বড় প্রভাব পড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯১ ডলার ছাড়িয়ে গেছে। তেলের দাম বৃদ্ধির ফলে বিশ্বজুড়ে নতুন করে মূল্যস্ফীতি বাড়তে পারে, যা কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সুদের হার আরও বাড়াতে বাধ্য করবে এবং এর ফলশ্রুতিতে স্বর্ণের বাজারে মন্দা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে।
একই সময়ে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৬.৩৪ ডলার এবং প্লাটিনামের দাম ০.১ শতাংশ বেড়ে ১,৭৯৩.০৩ ডলারে দাঁড়িয়েছে, তবে প্যালাডিয়ামের দাম অপরিবর্তিত থেকে ১,৩৫৬.৭৫ ডলারে বিক্রি হচ্ছে।
এসআর