[email protected] সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩

পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৬ ৯:০০ পিএম

সংগৃহীত ছবি

ঋণ জালিয়াতির মাধ্যমে পদ্মা ব্যাংকের প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল মতলেব পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৩ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে মামলা অনুমোদন দেওয়া হয়। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


মামলার আসামিদের মধ্যে রয়েছেন—এমএইচ এন্টারপ্রাইজের মালিক মো. মমিনুর রহমান, সোনালী ব্যাংকের এজিএম ও মমিনুর রহমানের মামা মো. অজিত উল্লাহ, পদ্মা ব্যাংকের সাবেক এমডি ও সিইও আব্দুল মতলেব পাটোয়ারী, সাবেক শাখা ব্যবস্থাপক (এসভিপি) কর্নেলিয়াস গমেজ, সাবেক ক্রেডিট ইনচার্জ মো. রাসেল মিয়া, সাবেক ম্যানেজার অপারেশন (এফভিপি) এম আতিফ খালেদ, সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আমেনা বেগম, সাবেক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শামসুল হাসান ভুঁইয়া, সাবেক ম্যানেজার অপারেশন মাহবুব আহমেদ এবং সাবেক ক্রেডিট ইনচার্জ মো. কাওসার হোসেন।


দুদকের অভিযোগ, আসামিরা পারস্পরিক যোগসাজশে জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যাংকের ১ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। পরে ওই অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধও সংঘটিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


এ ঘটনায় দণ্ডবিধির ৪০৯, ১০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় মামলার অনুমোদন দিয়েছে দুদক।

এসআর

সম্পর্কিত খবর