রেমিট্যান্স সেবা, ডিজিটাল লেনদেন এবং আর্থিক সেবার আওতা বাড়াতে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে গেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
এ চুক্তির ফলে ব্যাংকটির গ্রাহকেরা নগদ প্ল্যাটফর্ম ব্যবহার করে অ্যাড মানি, ফান্ড ট্রান্সফার ও রেমিট্যান্স গ্রহণের মতো সুবিধা আরও সহজে পাবেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ডে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ অংশীদারিত্বের চুক্তি সই হয়। কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং নগদের বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় কমিউনিটি ব্যাংকের হিসাব থেকে সরাসরি নগদ ওয়ালেটে অর্থ যোগ করার সুবিধা চালু হবে। একই সঙ্গে ব্যাংক হিসাব ও নগদ ওয়ালেটের মধ্যে দুই দিকেই অর্থ স্থানান্তরের সুযোগ পাবেন গ্রাহকেরা। এতে দৈনন্দিন ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের সময় ও প্রক্রিয়াগত জটিলতা কমবে বলে আশা করা হচ্ছে।
অংশীদারিত্বের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো রেমিট্যান্স বিতরণ। কমিউনিটি ব্যাংকের মাধ্যমে দেশে আসা বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স নগদের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন এলাকার সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে। ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও তুলনামূলক সহজে রেমিট্যান্স গ্রহণ ও নগদায়ন করতে পারবেন।
এ ছাড়া গ্রাহক অনবোর্ডিং এবং দুই প্রতিষ্ঠানের প্রযুক্তিগত ব্যবস্থার সমন্বয় আরও কার্যকর করার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কমিউনিটি ব্যাংকের ডিজিটাল সেবার পরিধি এবং গ্রাহক পৌঁছানোর সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
চুক্তি প্রসঙ্গে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, নগদের বিস্তৃত নেটওয়ার্ক ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে ব্যাংকের সেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। বিশেষ করে রেমিট্যান্স ও ডিজিটাল লেনদেনে এ অংশীদারিত্ব গ্রাহকদের জন্য দ্রুত ও সহজ সেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
নগদের বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, গ্রাহকদের জন্য সহজ ও দ্রুত ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে ব্যাংকগুলোর সঙ্গে অংশীদারিত্ব বাড়ানো হচ্ছে। কমিউনিটি ব্যাংকের সঙ্গে নতুন এ সমন্বয়ের ফলে রেমিট্যান্স, অ্যাড মানি ও ফান্ড ট্রান্সফারের মতো সেবা আরও সহজে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক ও নগদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর