চলতি আগস্টের প্রথম ২২ দিনে দেশে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
বর্তমান হিসাবে প্রতি ডলার ১২৩ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ২৬ হাজার ৪২০ কোটি ৪০ লাখ টাকা।
রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি আগস্টে প্রবাসী আয় প্রবাহে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০২৫ সালের ১ থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। এ বছর একই সময়ে এসেছে ২১৪ কোটি ৮০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৪৩ কোটি ৭০ লাখ ডলার, যা প্রায় ২৫ দশমিক ৫২ শতাংশ প্রবৃদ্ধি।
এদিকে, ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫০০ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪১৮ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে অর্থবছরের প্রথম ৫৩ দিনে প্রবাসী আয় বেড়েছে ৮১ কোটি ৮০ লাখ ডলার বা ১৯ দশমিক ৫ শতাংশ।
ব্যাংকাররা বলছেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রতি প্রবাসীদের আগ্রহ বাড়া, ব্যাংকিং সেবার বিস্তৃতি এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়ায় এ প্রবৃদ্ধি হয়েছে। বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতেও দেশে রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী থাকার সম্ভাবনা রয়েছে।
এসআর