ফল আমদানির ক্ষেত্রে ঋণপত্র (এলসি) খোলার সময় শতভাগ মার্জিন রাখার বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক।
ফলে এখন থেকে আমদানিকারক ও ব্যাংকের পারস্পরিক সম্পর্ক ও মূল্যায়নের ভিত্তিতে এলসি মার্জিন নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো।
রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, এতদিন বিলাসপণ্য হিসেবে বিবেচিত হওয়ায় ফল আমদানির এলসি খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ মার্জিন সংরক্ষণের নিয়ম ছিল। জনস্বাস্থ্য ও পুষ্টির প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে এবার সেই শর্ত তুলে নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ভাষ্য, শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও গর্ভবতী নারীদের খাদ্যতালিকায় ফলের বিশেষ গুরুত্ব রয়েছে। মানুষের পুষ্টির চাহিদা পূরণ এবং বাজারে ফলের সরবরাহ স্বাভাবিক রাখতেই এলসি মার্জিনের শর্তে এই পরিবর্তন আনা হয়েছে।
খাতসংশ্লিষ্টদের ধারণা, সিদ্ধান্তটির ফলে ফল আমদানিকারকদের ব্যাংকিং সুবিধা বাড়বে। এতে আমদানি ও সরবরাহ বৃদ্ধি পেলে বাজারে প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের ফলের দামও কমে আসতে পারে।
এসআর