[email protected] শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩

মাছ-মাংস অপরিবর্তিত, ডিম ও মুরগিতে কিছুটা স্বস্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৬ ১১:১৫ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর খুচরা বাজারে কেনাকাটায় ক্রেতাদের স্বস্তি এখনো মেলেনি। মাংস ও মাছ বিক্রি হচ্ছে

 আগের চড়া দামেই। তবে গত সপ্তাহের তুলনায় ডজনপ্রতি ডিমের দামে ১০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। অন্যদিকে, বাজারে মাছের দর প্রায় প্রতিদিনই ২০ থেকে ৩০ টাকা ওঠানামা করছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

​আজ (শুক্রবার) ঢাকার বিভিন্ন খুচরা বাজার পর্যবেক্ষণ করে এমন চিত্র লক্ষ্য করা গেছে।

​বাজারের হালনাগাদ তথ্যে দেখা যায়, ডজনপ্রতি ডিমের দাম ১০ টাকা কমে বর্তমানে ১৪০ টাকায় নেমেছে, যা গত সপ্তাহে ছিল ১৫০ থেকে ১৫৫ টাকা। তবে গরুর মাংস আগের মতোই কেজিপ্রতি ৮০০ টাকাতেই বিক্রি হচ্ছে। অন্যদিকে মাছের বাজারে দর অনেকটাই স্থিতিশীল—কিছু মাছের কেজিপ্রতি দাম ২০ থেকে ৩০ টাকা বাড়লেও, আবার কোনো কোনো মাছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।

​মুরগির বাজারে ব্রয়লারের দামে সামান্য পতন ঘটেছে। গত সপ্তাহে ২০০ টাকা কেজি বিক্রি হলেও আজ তা ১৯০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে সোনালি, হাইব্রিড ও লেয়ার মুরগির বাজার দর অপরিবর্তিত রয়েছে। বাজারে প্রতি কেজি সোনালি মুরগি ৩২০ থেকে ৩৪০ টাকা, হাইব্রিড ২৯০ থেকে ৩০০ টাকা এবং লেয়ার মুরগি ৩৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

​মাছের বাজারে চাষের পাঙাশ প্রতি কেজি ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। মান ও আকারভেদে প্রতি কেজি চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, রুই ৩০০ থেকে ৫০০ টাকা এবং ট্যাংরা ৭০০ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইন ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর আকারভেদে চাষের শিং মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকায়। রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছের দাম এখনও কেজিপ্রতি এক হাজার টাকার ওপরে রয়েছে।

​বাজারে পাঙাশ কিনতে আসা ক্রেতা রফিকুল ইসলাম নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, "যে পাঙাশ আগে ১৮০ টাকা কেজিতে পাওয়া যেত, তা এখন ২০০ টাকার নিচে কেনাই যাচ্ছে না। আর মাত্র কয়েক মাসের ব্যবধানে তেলাপিয়ার কেজি ৬০ টাকা বেড়ে বর্তমানে ২৬০ টাকায় ঠেকেছে।"

​রায়ের বাজারের মুরগি ব্যবসায়ী আনিস আহমেদ জানান, "গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মুরগির দাম কিছুটা কম ছিল, তবে আজ একটু বেড়েছে। তবুও আমরা ব্রয়লার ১৯০ থেকে ১৯৫ টাকা কেজিতে বিক্রি করছি, যা গত সপ্তাহে ২০০ টাকা ছিল। তবে সোনালি মুরগির দর ৩২০ টাকাতেই স্থির আছে।"

​একই বাজারের মাছ বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, "আজ মাছের দর সাধারণ মানের মতোই রয়েছে। তবে কিছু বিশেষ মাছের দাম নিয়মিতই চড়া থাকে এবং কেজিতে ২০ থেকে ৩০ টাকা ওঠানামা করে। অনেক সময় দেখা যায় সকালেই এক দর, আর বিকেলে আরেক দর।"

এসআর

সম্পর্কিত খবর