বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের জন্য বিদ্যুৎ বিল পরিশোধে নতুন সুবিধা চালু হয়েছে।
এখন থেকে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর দেশব্যাপী শাখা ও উপশাখার মাধ্যমে সহজেই বিদ্যুৎ বিল জমা দিতে পারবেন গ্রাহকরা।
এ সুবিধা চালুর লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সামসুল হক সুফিয়ানী এবং বিআরইবির পরিচালক (আর্থিক মনিটরিং-উত্তরাঞ্চল) মো. মাসুদ পারভেজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তির ফলে দেশের বিভিন্ন অঞ্চলের পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা কমিউনিটি ব্যাংকের নেটওয়ার্ক ব্যবহার করে নিরাপদ, দ্রুত ও ঝামেলামুক্তভাবে বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (অর্থ) ও যুগ্ম সচিব মিলিয়া শারমিন, নিয়ন্ত্রক (অর্থ ও হিসাব) মো. ইদ্রিস, সচিব শারমিন মাহমুদ, পরিচালক (অর্থ) মো. জিয়া উদ্দিন এবং হিমেল পালসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেন হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. তানজীম মোর্শেদ ভূঁইয়া, করপোরেট ব্যাংকিং বিভাগের ইউনিট হেড সুজাত হক, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. শরিফুল ইসলাম কাদির, হেড অব এডিসি অ্যান্ড এমডি’স কো-অর্ডিনেশন টিম মামুন উর রহমান এবং ক্যাশ ম্যানেজমেন্ট টিমের তুহিনুল ইসলাম, নিশিত কান্তি সরকার প্রমুখ।
এসআর