[email protected] বুধবার, ১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩

রাশিয়া ও কানাডা থেকে ৩৫১ কোটি টাকার এমওপি সার কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জুলাই ২০২৬ ৬:৩৭ পিএম

সংগৃহীত ছবি

রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় দেশের কৃষিখাতে ব্যবহারের জন্য রাশিয়া ও কানাডা থেকে মোট ৭৫

 হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানি করতে যাচ্ছে সরকার। এতে সরকারের মোট ব্যয় হবে ৩৫১ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা।

​বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সার আমদানির অনুমোদন দেওয়া হয়। বৈঠকটিতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

​ক্রয় কমিটির বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে রাশিয়া থেকে জেএসসি ‘ফরেন ইকোনমিক করপোরেশন (পরডিংটর্গ)’ এর মাধ্যমে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে।

এতে ব্যয় ধরা হয়েছে ১৬৩ কোটি ৯২ লাখ ২৫ হাজার টাকা (১ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার)। প্রতি টন সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮০ মার্কিন ডলার। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) গত ২৪ মে রাশিয়ার সাথে এই চুক্তিটি নবায়ন করে, যার আওতায় ২০২৬-২৭ অর্থবছরের প্রথম লটে এই সার আসবে।

​অন্যদিকে, কৃষি মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কানাডা থেকে রাষ্ট্রীয় চুক্তির আওতায় ৪০ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৮৭ কোটি ৩৪ লাখ টাকা (১ কোটি ৫২ লাখ মার্কিন ডলার)। প্রতি টনের মূল্য রাশিয়ার মতোই ৩৮০ মার্কিন ডলার ধরা হয়েছে। বিএডিসির সাথে কানাডার পূর্ববর্তী চুক্তির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের ৪ লাখ টন সার ইতোমধ্যে দেশে এসেছে। বিদ্যমান চুক্তির ৩টি ঐচ্ছিক লটের মধ্যে প্রথম লটের সার হিসেবে এই ৪০ হাজার টন এমওপি সার আমদানি করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর