ইসলামী ধারায় পরিচালিত ব্যাংকগুলোতে রাজনৈতিক প্রভাব বা হস্তক্ষেপের সুযোগ যেন আর সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
শনিবার (৪ জুলাই) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এবং বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকস রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
গভর্নর বলেন, দেশের মানুষ ইসলামী ব্যাংকিং ব্যবস্থার ওপর দীর্ঘদিন ধরে আস্থা রেখে এসব প্রতিষ্ঠানে আমানত রাখছেন। অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে সেই আস্থার অপব্যবহার হয়েছে এবং কিছু প্রতিষ্ঠানে আমানতকারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি যাতে আর না ঘটে, সে লক্ষ্যে সুশাসন ও কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, শরিয়াভিত্তিক ব্যাংকগুলোতে কোনো ধরনের রাজনৈতিক চাপ বা অস্বাভাবিক হস্তক্ষেপের ইঙ্গিত পাওয়া গেলে তা দ্রুত বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
‘ইসলামিক ব্যাংকিং কার্যক্রমে পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের শরিয়াহ–সংক্রান্ত ভূমিকা’ শীর্ষক এ কর্মশালায় শরিয়াভিত্তিক ব্যাংক, শরিয়াহ উইন্ডো ও শরিয়াহ শাখা পরিচালনাকারী বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যানরা অংশ নেন। এছাড়া বাংলাদেশ ব্যাংক ও বিআইবিএমের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার, বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম, পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ তাজুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আশরাফুল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
গভর্নর মোস্তাকুর রহমান বলেন, অতীতে রাজনৈতিক প্রভাবের সুযোগে ইসলামী ব্যাংক খাতে যে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে, তা ব্যাংকিং খাতে বড় ধরনের সংকট তৈরি করেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ নিয়েছে এবং ভবিষ্যতেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
এসআর