[email protected] শুক্রবার, ৩ জুলাই ২০২৬
১৮ আষাঢ় ১৪৩৩

জাতীয় সঞ্চয়পত্রে সুদের হার অপরিবর্তিত, আগের মুনাফাই মিলবে আরও ৬ মাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুলাই ২০২৬ ৮:৪১ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার আগামী ছয় মাসের জন্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জুলাই থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিদ্যমান সুদের হারই বহাল থাকবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।


বৃহস্পতিবার (২ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। পরবর্তীতে সঞ্চয় অধিদপ্তর এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করবে।


বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, বিনিয়োগের পরিমাণ ও মেয়াদভেদে জাতীয় সঞ্চয়পত্রে সর্বোচ্চ ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত মুনাফা পাওয়া যাবে, যা আগের মতোই বহাল থাকবে।


সরকারি তথ্য অনুযায়ী, পরিবার সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফার হার ১১ দশমিক ৯৩ শতাংশ। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার ১১ দশমিক ৮০ শতাংশ থাকবে।


পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে সুদের হার ১১ দশমিক ৮৩ শতাংশ এবং এর বেশি বিনিয়োগে ১১ দশমিক ৮০ শতাংশ নির্ধারিত রয়েছে।


এ ছাড়া তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এবং তিন বছর মেয়াদি ডাকঘর সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে ১১ দশমিক ৮২ শতাংশ এবং এর বেশি বিনিয়োগে ১১ দশমিক ৭৭ শতাংশ হারে মুনাফা বহাল থাকবে।


এর আগে ২০২৫ সালের শেষ দিকে সঞ্চয়পত্রের সুদের হার কমানোর উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর হওয়ার কয়েক দিনের মধ্যেই স্থগিত করা হয়। এরপর জানুয়ারি থেকে জুন ২০২৬ পর্যন্তও আগের সুদের হার বহাল রাখা হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, একই হার আগামী ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।


সরকার প্রতি ছয় মাস অন্তর জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার পর্যালোচনা করে ঘোষণা দেয়। তবে কোনো বিনিয়োগকারী যে সময়ে সঞ্চয়পত্র ক্রয় করেন, সেই সময়ের নির্ধারিত সুদের হারই পুরো মেয়াদজুড়ে বহাল থাকে।

এসআর

সম্পর্কিত খবর