আজ বুধবার (১ জুলাই) অর্ধবার্ষিক সমাপনী (হাফ-ইয়ার ক্লোজিং) উপলক্ষে দেশজুড়ে ‘ব্যাংক
হলিডে’ পালিত হচ্ছে। এর ফলে আজ বাংলাদেশ ব্যাংকসহ দেশের সব তফশিলি ব্যাংকে সাধারণ গ্রাহকদের জন্য টাকা জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট এবং পে-অর্ডারের মতো সব ধরনের শাখাভিত্তিক লেনদেন ও সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।
ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে মিল রেখে আজ বন্ধ থাকছে দেশের শেয়ারবাজারের লেনদেনও। তবে ব্যাংকগুলোর শাখা বন্ধ থাকলেও অভ্যন্তরীণ হিসাব-নিকাশ চূড়ান্ত করা, অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত এবং প্রয়োজনীয় প্রশাসনিক কাজ সম্পন্ন করার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়সহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা রাখা হয়েছে।
শাখাভিত্তিক লেনদেন বন্ধ থাকলেও গ্রাহকদের সুবিধার্থে এটিএম বুথ, কার্ডভিত্তিক লেনদেন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) যথারীতি স্বাভাবিক ও চালু থাকবে, তবে আন্তঃব্যাংক নিষ্পত্তিনির্ভর কিছু ডিজিটাল সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের নিয়মানুযায়ী প্রতি বছরের ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ‘ব্যাংক হলিডে’ হিসেবে নির্ধারিত থাকে, যা ব্যাংকের অভ্যন্তরীণ আর্থিক ও প্রশাসনিক কাজের জন্য ব্যবহার করা হয়।
এসআর