কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সপ্তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ জুন) ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ব্যাংকটির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির।
সভায় ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাবও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভায় চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির বলেন, কমিউনিটি ব্যাংক কেবল পুলিশ সদস্যদের জন্য নয়, দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী সেবার মাধ্যমে ব্যাংকটির অগ্রযাত্রা আরও বেগবান হবে।
তিনি আরও জানান, দেশের বিভিন্ন অঞ্চলে থাকা শাখা ও উপশাখাগুলোতে গ্রাহকদের জন্য ডিজিটাল ও স্মার্ট ব্যাংকিং সুবিধা সম্প্রসারণে ব্যাংক কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।
একই সঙ্গে সেবার মান উন্নয়নে মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এজিএমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এবং কোম্পানি সচিব উপস্থিত ছিলেন।
এসআর