২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘সবার জন্য বাজেট’ হিসেবে আখ্যায়িত করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ।
তিনি বলেছেন, সীমিত সম্পদের মধ্যেও দেশের সব শ্রেণি-পেশার মানুষের স্বার্থ বিবেচনায় রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে।
শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানান, দেশের কোনো নাগরিককে বাজেটের সুবিধার বাইরে রাখা হয়নি।
অর্থনৈতিক কর্মকাণ্ডে যারা দীর্ঘদিন প্রান্তিক অবস্থানে ছিলেন, তাদের অন্তর্ভুক্ত করতেও প্রয়োজনীয় উদ্যোগ ও বরাদ্দ রাখা হয়েছে।
তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট প্রণয়নের ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
অতীতে সুবিধাভোগী কিছু গোষ্ঠীকেন্দ্রিক অর্থনৈতিক কাঠামোর পরিবর্তে এখন সবার অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
অর্থমন্ত্রী আরও বলেন, একটি গণতান্ত্রিক ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। সরকার সেই লক্ষ্য সামনে রেখেই অর্থনৈতিক সংস্কার ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।
বিকেল ৩টা ১০ মিনিটে শুরু হওয়া সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী , বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নীতিনির্ধারকেরা উপস্থিত ছিলেন।
এসআর