[email protected] রবিবার, ৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

মধ্যবিত্তের ফ্ল্যাট কেনার স্বপ্নে আশার আলো: বন্ডভিত্তিক গৃহঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জুন ২০২৬ ৭:৪১ পিএম

সংগৃহীত ছবি

আবাসন খাতে দীর্ঘমেয়াদি অর্থায়ন সহজ করতে বাংলাদেশ ব্যাংক বন্ডভিত্তিক অর্থায়ন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে, যা মধ্যবিত্ত মানুষের ফ্ল্যাট

 কেনার স্বপ্ন পূরণে নতুন আশার আলো দেখাচ্ছে। রোববার (৭ জুন) বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর একটি প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় গভর্নর মো. মোস্তাকুর রহমান এই তথ্য জানান। রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সংকট, বিনিয়োগের পরিবেশ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

​বৈঠকে রিহ্যাব নেতারা প্রথমবারের মতো ফ্ল্যাট ক্রেতাদের জন্য বিশেষ হাউজিং তহবিল গঠন এবং সিঙ্গেল ডিজিট সুদে (১০ শতাংশের নিচে) দীর্ঘমেয়াদি গৃহঋণ চালুর জোর দাবি জানান। রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, স্বল্পসুদে ও সহজ শর্তে দীর্ঘমেয়াদি গৃহঋণের ব্যবস্থা করা গেলে সাধারণ মানুষের আবাসন স্বপ্ন পূরণের পাশাপাশি দেশের অন্যতম বড় কর্মসংস্থান সৃষ্টিকারী এই খাত নতুন গতি পাবে।

অন্যদিকে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক ঢাকার ওপর চাপ কমাতে জেলা ও উপজেলা পর্যায়ে পরিকল্পিত আবাসন গড়ে তোলার তাগিদ দেন এবং স্বল্পসুদের হাউজিং ঋণের সুযোগ সারা দেশে সম্প্রসারণের আহ্বান জানান।

​জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং শিল্পায়নে আবাসন খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্বীকার করেন। তিনি উল্লেখ করেন, হাউজিং খাতের ঋণ ব্যাংকিং খাতের অন্যতম নিরাপদ ঋণ হওয়ায় অন্যান্য খাতের তুলনায় এর সুদের হার এমনিতেই প্রায় ২ শতাংশ পর্যন্ত কম থাকে।

গভর্নর আরও জানান, দীর্ঘমেয়াদি আবাসন ঋণের অর্থায়ন নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক বন্ডভিত্তিক অর্থায়ন ব্যবস্থা নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে আবাসন খাতে দীর্ঘমেয়াদি তহবিলের জোগান বাড়বে এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ গ্রহণ আরও সহজ হবে।

​উক্ত মতবিনিময় সভায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ.এফ.এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এবং পরিচালক তাসনোভা মাহবুব সালাম উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর