মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় আন্তর্জাতিক স্বর্ণবাজারে চাপ তৈরি হয়েছে।
এর প্রভাবে বুধবার স্বর্ণের দাম কিছুটা কমেছে বলে বাজার বিশ্লেষকরা জানিয়েছেন।
বৈশ্বিক বাজারের তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ০.২ শতাংশ হ্রাস পেয়ে ৪,৪৭৬.৫০ ডলারে নেমে এসেছে। একই সময়ে আগস্ট মাসের ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারের মূল্য ০.৩ শতাংশ কমে ৪,৫০৪.৪০ ডলারে লেনদেন হয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা দীর্ঘায়িত হলে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে। তেলের মূল্যবৃদ্ধি বৈশ্বিক মূল্যস্ফীতির ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে, যা বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণে প্রভাব ফেলবে।
বিশেষ করে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানোর বিষয়ে আরও সতর্ক অবস্থান নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকলে স্বর্ণের বাজার সাধারণত নেতিবাচক প্রভাবের মুখে পড়ে।
অর্থনীতিবিদরা বলছেন, স্বর্ণ সুদ প্রদান করে না। ফলে উচ্চ সুদের পরিবেশে বিনিয়োগকারীরা তুলনামূলক বেশি মুনাফার আশায় অন্যান্য সুদভিত্তিক সম্পদের দিকে ঝুঁকে পড়েন, যা স্বর্ণের চাহিদা কমিয়ে দিতে পারে।
বর্তমানে বিনিয়োগকারীদের নজর রয়েছে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক তেলের বাজারের গতিধারা এবং যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি সংক্রান্ত নতুন বার্তার দিকে। এসব বিষয় আগামী দিনগুলোতে স্বর্ণের দামের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এসআর