বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন এসেছে।
সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চারজন কমিশনার পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পদত্যাগকারী কমিশনাররা হলেন—মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফুদ্দিন। সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে অস্থিরতা, বিনিয়োগকারীদের অসন্তোষ এবং কমিশনের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলার মধ্যেই এই সিদ্ধান্ত আসে।
খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের আগস্টে চার বছরের মেয়াদে বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই বছর বিভিন্ন সময়ে মহসীন চৌধুরী, আলী আকবর ও ফারজানা লালারুখ কমিশনার হিসেবে দায়িত্ব পান। পরে ২০২৫ সালের জুলাইয়ে কমিশনের সদস্য হিসেবে যোগ দেন মো. সাইফুদ্দিন।
সম্প্রতি রাজধানীতে আয়োজিত একটি অর্থনৈতিক আলোচনা অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা দেশের পুঁজিবাজারে কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। ওই বক্তব্যের পর থেকেই বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।
সবশেষে চেয়ারম্যান ও চার কমিশনারের একযোগে পদত্যাগের মাধ্যমে সেই আলোচনা বাস্তব রূপ পেল। এখন কমিশনের নতুন নেতৃত্ব ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বাজারসংশ্লিষ্টদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
এসআর