[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

নতুন বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুন ২০২৬ ৫:৩৫ পিএম

সংগৃহীত ছবি

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট আগামী ১১ জুন জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট হিসেবে এটি বিশেষ গুরুত্ব বহন করছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন। অনুমোদিত হলে এটি হবে বাংলাদেশের ৫৫তম জাতীয় বাজেট।

 

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এবার বাজেটে সাধারণ ভোক্তাদের জন্য কিছু পণ্যে মূল্যছাড়ের সুযোগ রাখা হতে পারে। বিশেষ করে গৃহস্থালি কাজে ব্যবহৃত বিভিন্ন বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্যের ওপর কর কমানোর প্রস্তাব বিবেচনায় রয়েছে।

 

সম্ভাব্য তালিকায় রয়েছে ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, আয়রন, রাইস কুকার, মাল্টি কুকার ও প্রেসার কুকার। পাশাপাশি ইন্ডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, ইলেকট্রিক কুকার, ওয়াটার পিউরিফায়ার এবং ওয়াটার হিটার বা গিজারের মতো পণ্যও মূল্যহ্রাসের সুবিধা পেতে পারে।

 

প্রযুক্তিপণ্য খাতেও কিছুটা স্বস্তির আভাস রয়েছে। কম্পিউটার, মনিটর এবং প্রিন্টারের ওপর শুল্ক ও কর কাঠামোয় পরিবর্তন আনা হলে এসব পণ্যের বাজারমূল্য কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহার উপযোগী কয়েকটি প্রয়োজনীয় পণ্যের ওপর কর ছাড়ের পরিকল্পনা রয়েছে। চিকিৎসা সরঞ্জামের মধ্যেও কিছু পণ্যকে কর সুবিধার আওতায় আনার চিন্তা করা হচ্ছে। এর মধ্যে কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত ফিল্টার অন্যতম।

 

স্বর্ণালংকার খাতেও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। প্রস্তাবিত বাজেটে স্বর্ণালংকার বিক্রির ক্ষেত্রে উৎসে কর উল্লেখযোগ্য হারে কমানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রচলিত ৫ শতাংশ কর কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।

 

চূড়ান্ত বাজেট ঘোষণার পর এসব প্রস্তাব বাস্তবায়িত হলে ভোক্তা পর্যায়ে বিভিন্ন পণ্যের দামে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসআর

সম্পর্কিত খবর