[email protected] বৃহঃস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাজেটে যে পণ্যের দাম কমতে পারে

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ জুন ২০২৬ ৭:১৬ পিএম

সংগৃহীত ছবি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিভিন্ন পণ্যের ওপর শুল্ক, ভ্যাট ও উৎসে কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

সরকারের আশা, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে বাজারে কয়েকটি নিত্যপ্রয়োজনীয় ও ভোক্তা পণ্যের দাম কমে সাধারণ মানুষের ব্যয় কিছুটা হ্রাস পাবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

তিনি জানান, দ্রব্যমূল্যের চাপ কমিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনাই সরকারের অন্যতম লক্ষ্য।
শিশুখাদ্য
শিশুখাদ্য তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ফলে বাজারে শিশুখাদ্যের দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।


মসলা জাতীয় পণ্য
জিরা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ ও ধনিয়াসহ বিভিন্ন মসলার ওপর আরোপিত ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এতে এসব পণ্যের আমদানি ব্যয় কমবে।


খেজুর-
খেজুর আমদানির ক্ষেত্রে বিদ্যমান ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক বাতিলের প্রস্তাব করা হয়েছে। ফলে ভোক্তা পর্যায়ে এর দাম কমার সুযোগ তৈরি হতে পারে।


সোনার অলংকার-
সোনা সরবরাহের ক্ষেত্রে উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

একই সঙ্গে ভ্যাট কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে, যা সোনার গয়নার মূল্য কমাতে সহায়ক হতে পারে।


বৈদ্যুতিক গাড়ি-
ইলেকট্রিক ভেহিকেল (ইভি) খাতে একাধিক কর-সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বিভিন্ন মূল্যস্তরের বৈদ্যুতিক গাড়ির করহার কমানো হয়েছে।

এছাড়া চার্জিং স্টেশন স্থাপনে প্রয়োজনীয় ব্যাটারি ও যন্ত্রপাতি আমদানিতেও ছাড় দেওয়া হয়েছে। ফলে এ খাতের বিনিয়োগ ও গাড়ির বাজারমূল্য কমতে পারে।


প্লাগ-ইন হাইব্রিড গাড়ির ক্ষেত্রেও কর-সুবিধা বাড়ানো হয়েছে। পাশাপাশি নিবন্ধন ও নবায়নের ক্ষেত্রে অগ্রিম আয়করের হারও কমানোর প্রস্তাব রয়েছে।


ল্যাপটপ ও কম্পিউটার সামগ্রী-
ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, সার্ভার, মনিটর এবং প্রিন্টার আমদানির ওপর বিদ্যমান আমদানি শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এতে প্রযুক্তিপণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে।


কিডনি ডায়ালাইসিস সেবা-
ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে ভ্যাট ও অগ্রিম আয়কর তুলে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর ফলে কিডনি রোগীদের চিকিৎসা ব্যয় কিছুটা কমতে পারে।


ওষুধ শিল্প- 
ওষুধ উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন কাঁচামালের ওপর শুল্ক ও কর-সুবিধা বাড়ানো হয়েছে। বিশেষ করে ক্যানসারের ওষুধ তৈরির কয়েকটি নতুন কাঁচামাল আমদানিতে রেয়াত দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। এতে ওষুধ উৎপাদন ব্যয় কমতে পারে।


বাদ্যযন্ত্র ও চলচ্চিত্র সরঞ্জাম-
গিটার, পিয়ানো, ভায়োলিনসহ বিভিন্ন বাদ্যযন্ত্র এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশ আমদানির ওপর থাকা ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।


এ ছাড়া সিনেমাটোগ্রাফিক ক্যামেরা ও এর যন্ত্রাংশ আমদানিতে শুল্কহার ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।


অন্যান্য পণ্য-
শুল্ক ও কর কাঠামোয় পরিবর্তনের ফলে আমদানিকৃত মাংস, প্রাণিখাদ্য, পয়েন্ট অব সেল (পিওএস) যন্ত্র, সৌরবিদ্যুৎ সরঞ্জাম, লিপস্টিক, ফেসওয়াশসহ বিভিন্ন প্রসাধনী এবং আরও কয়েকটি পণ্যের দাম কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর