ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী রোববার শুরু হতে যাচ্ছে।
চলতি সংসদের প্রথম বাজেট অধিবেশন হিসেবে এটি বিশেষ গুরুত্ব বহন করছে। অধিবেশনের প্রথম বৈঠক শুরু হবে বিকেল ৩টায়।
সংসদ সূত্রে জানা গেছে, আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট।
সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ সময় ধরে পরিচালিত হয়। এবার অধিবেশনের মেয়াদ কতদিন হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে।
প্রথম দিনের কার্যসূচিতে সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোক প্রস্তাব, প্রশ্নোত্তর পর্ব এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নোটিশ নিষ্পত্তির বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে।
এছাড়া জ্বালানি খাতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গঠিত একটি বিশেষ কমিটির প্রতিবেদনও সংসদে উপস্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম জানিয়েছেন, ১৫ জুন চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাসের পরিকল্পনা রয়েছে। এরপর ১৬ জুন থেকে নতুন অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হবে।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বাজেট পাসের লক্ষ্যে প্রয়োজন হলে প্রতিদিন সকাল ও বিকেলে পৃথক বৈঠক অনুষ্ঠিত হতে পারে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও এই অধিবেশনে উত্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে সংবিধান সংস্কার-সংক্রান্ত আলোচনাও এবারের অধিবেশনে গুরুত্ব পেতে পারে।
পূর্ববর্তী অধিবেশনে এ বিষয়ে একটি বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হলেও বিরোধী দলের পক্ষ থেকে এখনো প্রতিনিধি তালিকা জমা দেওয়া হয়নি।
সরকারি দল আশা করছে, বিরোধী পক্ষ শেষ পর্যন্ত কমিটিতে অংশগ্রহণ করবে।
তবে বিরোধী মহলের একটি অংশ সংবিধান সংশোধনের জন্য আলাদা সংস্কার পরিষদ গঠনের পক্ষে মত দিচ্ছে বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত মার্চে শুরু হয়ে এপ্রিলের শেষ দিকে সমাপ্ত হয়।
সেই অধিবেশনেই সংবিধান সংশোধন বিষয়ে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব প্রথম উত্থাপিত হয়েছিল।
এসআর