ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২৪ মে) এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংক কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
এর আগে ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। তার পদত্যাগের পরই নতুন চেয়ারম্যান হিসেবে খুরশীদ আলমের নাম ঘোষণা করা হয়।
খুরশীদ আলম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পান।
চুক্তিভিত্তিক ওই নিয়োগের মেয়াদ ছিল তিন বছর। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের আগস্টে কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে তিনিও দায়িত্ব ছাড়েন।
এদিকে, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের পূর্বনির্ধারিত সভা রোববার অনুষ্ঠিত হয়নি। রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে সভাটি হওয়ার কথা ছিল।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে ঘিরেও নানা আলোচনা চলছে। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়, যার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে ৩১ মে।
রোববার তিনি প্রধান কার্যালয়ে গেলেও আন্দোলনরত গ্রাহক প্রতিনিধিদের বাধার মুখে ভেতরে প্রবেশ করতে পারেননি বলে জানা গেছে।
ব্যাংকসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ওমর ফারুক খান চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এসআর