পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) ঢল নেমেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি মে মাসের প্রথম ২০ দিনেই বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৬২ কোটি ২০ লাখ
মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩২ হাজার ১৮৫ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)। সেই অনুযায়ী, চলতি মাসে প্রতিদিন গড়ে ১ হাজার ৬০৯ কোটি টাকার বেশি রেমিট্যান্স আসছে দেশে। আজ বৃহস্পতিবার (২১ মে) কেন্দ্রীয় ব্যাংক এই তথ্য প্রকাশ করেছে।
তথ্যমতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত সময়ে দেশে মোট ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান, বৈধ পথে অর্থ পাঠাতে প্রণোদনা সুবিধা এবং ব্যাংকিং সেবার মান উন্নয়ন রেমিট্যান্স বৃদ্ধিতে মূল ভূমিকা রাখছে। ঈদকে কেন্দ্র করে মে মাসের বাকি দিনগুলোতে এই প্রবাহ আরও বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চলতি অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্সের পরিমাণ হলো: জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার, ডিসেম্বরে ৩২২ কোটি ৩৬ লাখ ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি ১৬ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার, মার্চে ৩৭৫ কোটি ২২ লাখ ডলার এবং এপ্রিলে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান ধারা বজায় থাকলে মে মাস শেষে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসবে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতিতে বড় ইতিবাচক প্রভাব ফেলবে।
এসআর