[email protected] শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরার বাসা থেকে ডিবির হেফাজতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬ ১১:৫৫ এএম

সংগৃহীত ছবি

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।

বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে রাজধানীর তুরাগ থানার উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, ডিবি সদস্যরা বুধবার রাতে ওই বাসা থেকে অভিনেত্রীকে নিয়ে যান। তাকে জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 

এর আগে বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে নিজের বাসার সামনে পুলিশের উপস্থিতি দেখে ফেসবুক লাইভে আসেন জ্যোতিকা জ্যোতি। লাইভ চলাকালে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তার দাবি ছিল, কী কারণে পুলিশ তার বাসায় এসেছে কিংবা তাকে হেফাজতে নেওয়া হচ্ছে, সে বিষয়ে তিনি অবগত নন।

 

লাইভে অভিনেত্রী বলেন, কোনো অন্যায়ের সঙ্গে তিনি জড়িত নন এবং তাকে বিনা পরোয়ানায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি জানান, ফোনে যোগাযোগ করা হলে তিনি নিজেই থানায় বা ডিবি কার্যালয়ে উপস্থিত হতেন। তবে তার হাতে যেন হাতকড়া পরানো না হয়, সেই অনুরোধও জানান।

 

লাইভের শেষ পর্যায়ে মা-বাবাকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান জ্যোতি।

 

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে আলোচনা তৈরি হয়। অভিযোগ রয়েছে, ওই গ্রুপের সদস্যরা ছাত্র আন্দোলনের বিরোধিতা করে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। অভিনেত্রী জ্যোতিকার নামও ওই গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে আলোচনায় আসে।

 

এ ছাড়া জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এফ/ডি

সম্পর্কিত খবর