অপরিকল্পিত নগরায়ণ, অবৈধ স্থাপনা ও দখলদারদের আগ্রাসনে রাজধানী থেকে
প্রাকৃতিক জলাধারগুলো হারিয়ে যেতে বসেছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে নগরের পানি নিষ্কাশন, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর। এই পরিস্থিতি মোকাবিলায় ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাধীন ৫৬টি খাল ও ৬২টি পুকুর পুনরুদ্ধার ও সংরক্ষণের বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।
উদ্যোগের অংশ হিসেবে জলাধারগুলো দখলমুক্ত করার পাশাপাশি খালগুলোর সঠিক সীমানা চিহ্নিত করে দুই পাশে গাইড ওয়াল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। জাতীয় নদী রক্ষা কমিশন ও ঢাকা জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, রাজধানীর ৫৬টি খালের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীনে ২৯টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতায় ২৭টি খাল রয়েছে। তবে অধিকাংশ খালের জায়গা বেদখল হওয়ায় স্বাভাবিক পানিপ্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম জানান, জলাধার ফিরিয়ে আনার মাধ্যমে নগরের পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা সরকারের মূল লক্ষ্য। ইতিমধ্যে শ্যামপুর, মান্ডা, জিরানি ও কালুনগর খাল উদ্ধারে প্রকল্প চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য দলেও কাজ শুরু হবে। দক্ষিণ সিটির উল্লেখযোগ্য খালের মধ্যে মান্ডা, জিরানি, খিলগাঁও-বাসাব, মেরাদিয়া-গজারিয়া, নন্দীপাড়া, ধোলাইখাল, শ্যামপুর, রায়েরবাজার, সেগুনবাগিচা ও গোপীবাগ অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে উত্তর সিটির উল্লেখযোগ্য ১৯টি খালের মধ্যে রয়েছে কল্যাণপুর, রূপনগর, বাউনিয়া, দিয়াবাড়ি, আব্দুল্লাহপুর, ইব্রাহিমপুর, কাটাসুর, রামচন্দ্রপুর, বেগুনবাড়ী, মহাখালী, শাহজাদপুর, ধউর ও সুতিভোলা; যার মধ্যে প্রাথমিকভাবে ১০টি উদ্ধারের কাজ চলছে।
সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন খালের ওপর বসতবাড়ি, বহুতল ভবন, দোকান, বিপণিবিতান, কারখানা, গুদাম, গ্যারেজ ও ওয়ার্কশপের মতো অবৈধ স্থাপনা গড়ে ওঠায় পানির চলাচলের পথ ব্যাপকভাবে সংকুচিত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাবরিন সুলতানা সতর্ক করে বলেছেন, খালে বর্জ্য ফেলে পানি দূষণ বা পরিবেশের ক্ষতি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম সোহাগ জানান, জলপ্রবাহ বন্ধ থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। তাই উচ্ছেদের পর পুনরায় দখল রোধে নিয়মিত তদারকি নিশ্চিত করার ওপর তিনি জোর দেন, কারণ অতীতে নজরদারির অভাবে উদ্ধারকৃত অনেক জায়গাই পুনরায় বেদখল হয়েছে।
ডিএনসিসি জানিয়েছে, ভূমি প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন ও ডিএমপির সমন্বয়ে জমির মালিকানা যাচাই, সীমানা নির্ধারণ, উচ্ছেদ অভিযান এবং অবৈধ ভবন ও আবাসন প্রকল্পের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কাজ চলছে। নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞদের মতে, খাল ও পুকুরের অস্তিত্ব ফিরলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন ও ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ বাড়বে, জলজ প্রাণী ও পাখির আবাসস্থল রক্ষা পাবে এবং জরুরি প্রয়োজনে পানির উৎস নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া খালের দুই পাশে সবুজায়ন ও হাঁটার পরিবেশ তৈরি করলে নগরের তাপমাত্রা কমাতেও তা ইতিবাচক ভূমিকা রাখবে।
এইচ/এম