রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে দমকা
হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, এ সময়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এর আগে সোমবার বিকেল থেকেই রাজধানীর উত্তরা, বিমানবন্দর, মিরপুর, রামপুরা, খিলগাঁও ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি ও কোথাও কোথাও বজ্রপাতের খবর পাওয়া যায়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৫৬ শতাংশ। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, আর গত ছয় ঘণ্টায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ১০ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৫ মিনিটে।
এইচ/এম