রাজধানীর মহাখালীতে খাবার দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে ‘দূরবীন বাংলা’ নামের একটি রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালী এলাকায় বনানী থানার অধীন এ ঘটনা ঘটে। খবর পেয়ে গুলশান বিভাগের উপকমিশনার রুহুল কবীর খানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার পর রেস্তোরাঁটির ভেতরে ও বাইরে ভাঙা কাচ ছড়িয়ে থাকতে দেখা যায়। আসবাবপত্রও এলোমেলো অবস্থায় পড়ে ছিল। প্রতিষ্ঠানের দুই পাশের কাচের দেয়নের বড় অংশ ভেঙে ফেলা হয়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন।
রেস্তোরাঁর মালিক সাফিন বেগ জানান, ঘটনার সূত্রপাত একটি আসনে বসাকে কেন্দ্র করে। তার ভাষ্য অনুযায়ী, এক তরুণ রেস্তোরাঁয় এসে খালি একটি চেয়ারে বসেন। অথচ ওই আসনের জন্য আগে থেকেই একটি পরিবার অপেক্ষা করছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
পরিস্থিতি শান্ত করতে রেস্তোরাঁর একজন কর্মী এগিয়ে এসে ওই তরুণকে বিকল্প আসনের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু এতে সন্তুষ্ট না হয়ে তিনি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর কয়েকজনকে সঙ্গে নিয়ে ফিরে এসে প্রথমে রেস্তোরাঁর কর্মী খলিলকে মারধর করেন। পরে প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেন মালিক।
সাফিন বেগ আরও জানান, পুরো ঘটনার ভিডিও রেস্তোরাঁর সিসিটিভি ক্যামেরায় সংরক্ষিত রয়েছে।
এক প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জানান, ঘটনার সময় সেখানে বিপুলসংখ্যক তরুণের উপস্থিতি ছিল। ভাঙচুরের দৃশ্য ভিডিও করতে গেলে কয়েকজন তাকে ধাওয়া করেন। এ সময় আরেক ব্যক্তি রিকশায় বসে ভিডিও ধারণের চেষ্টা করলে তাকেও জুতাপেটা করা হয় বলে তিনি দাবি করেন।
ওই প্রত্যক্ষদর্শীর ভাষ্য, প্রথমে কয়েকজন শিক্ষার্থী রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ান। এ সময় ধস্তাধস্তিতে কলেজের এক শিক্ষার্থীর মাথায় আঘাত লাগে বলে তার ধারণা। পরে আরও অনেক তরুণ সেখানে এসে ভাঙচুরে অংশ নেন।
ঘটনার খবর পেয়ে গুলশান বিভাগের উপকমিশনার রুহুল কবীর খানসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনায় তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় রেস্তোরাঁর মালিককে দ্রুত প্রতিষ্ঠানটি চালু করার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা। পাশাপাশি রেস্তোরাঁটির নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক পুলিশি উপস্থিতির আশ্বাস দেন তিনি।
এফ/ডি