[email protected] শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত সিএনজিচালক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬ ২:২৭ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ। তিনি জাদুঘরের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার কথা জানিয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে জাদুঘরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান জানান, সেখানে দুটি ককটেল নিক্ষেপ করা হয়।

এর মধ্যে একটি বিস্ফোরিত হয়ে সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে চালক আহত হন।

ঘটনার পর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশের এই কর্মকর্তা জানান, ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা না থাকলেও আশপাশের এলাকার ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্ফোরণের খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

এদিকে, এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, জাদুঘরের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এতে একজন অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

তার ভাষ্য, এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জাদুঘরের কার্যক্রম বাধাগ্রস্ত করা সম্ভব হবে না।

মহাপরিচালক আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের আরও ঘৃণার মুখে ফেলবে বলে তিনি মনে করেন।

একই সঙ্গে জাদুঘরের বাইরের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

এ ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এসআর

সম্পর্কিত খবর