ঢাকা: কেন্দ্রগুলোতে উপস্থিত হয়ে পরীক্ষা শুরুর প্রস্তুতি নেওয়ার পর নিয়োগ পরীক্ষা স্থগিতের খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন পরীক্ষার্থীরা।
পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, টেকনিক্যাল মোড়সহ কয়েকটি স্থানে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা। এতে মিরপুর সড়ক, মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউ এবং আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ। এ সময় প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।
মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং মোড়ে বগুড়া থেকে পরীক্ষা দিতে আসা মো. শাহাদাত হোসেন জানান, সারা রাত বাসে ভ্রমণ করে সকালে ঢাকায় পৌঁছেছেন তিনি। নানা দুর্ভোগ পেরিয়ে কেন্দ্রে উপস্থিত হওয়ার পর বেলা ১১টার দিকে পরীক্ষার খাতা দেওয়া হয়। তবে প্রশ্নপত্র বিতরণের আগেই পরীক্ষার্থীদের চলে যেতে বলা হয় এবং পরীক্ষা হবে না বলে জানানো হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, পরীক্ষা পরিচালনায় কেন্দ্রগুলোর মধ্যে সমন্বয়ের অভাব ছিল। কোনো কোনো কেন্দ্রে প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা শুরু করা হলেও অন্য কয়েকটি কেন্দ্রে খাতা বিতরণের পর প্রশ্ন দেওয়ার আগেই পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়।
এ পরিস্থিতিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আন্দোলনরত পরীক্ষার্থীরা তিন দফা দাবি জানিয়েছেন। তাঁদের দাবিগুলো হলো—প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা, দূরদূরান্ত থেকে পরীক্ষা দিতে আসা প্রার্থীদের ক্ষতিপূরণ দেওয়া এবং আগামী ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার আয়োজন করা।
দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন পরীক্ষার্থীরা।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের কথা হয়েছে। তাঁরা কয়েকটি দাবি জানিয়েছেন। আন্দোলনের বাইরে অন্য কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
এসআর