[email protected] শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩

অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর দুই সিটি প্রশাসক, মানতে হবে নির্ধারিত নিয়ম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬ ৮:৩১ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকরা।

তাদের বক্তব্য, নির্ধারিত নীতিমালা ও আইন মেনেই এসব যান চলাচল করতে হবে। কোনো বিশেষ গোষ্ঠীর জন্য আলাদা নিয়ম করার সুযোগ নেই।

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, অটোরিকশাচালকদের দাবির মধ্যে যেগুলো অযৌক্তিক, সেগুলো মেনে নেওয়া হবে না। নগরবাসীর স্বার্থ ও চলাচলের সুবিধা নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য। চালকদেরও নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে থেকে সড়কে চলতে হবে।

 

তিনি বলেন, অটোরিকশাচালকদের উচ্ছেদ করার পরিকল্পনা নেই। তবে তাদের চলাচলের জন্য এমন একটি ব্যবস্থা করা হবে, যাতে সাধারণ মানুষের যাতায়াতে বিঘ্ন না ঘটে এবং সড়কে শৃঙ্খলা বজায় থাকে।

 

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক জানিয়েছেন, রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের জন্য একটি নীতিমালা তৈরির কাজ চলছে। নির্ধারিত নিয়ম মেনেই ঢাকার সড়কে এসব যান চালাতে হবে। নিয়ম না মানলে রাজধানীর বাইরে ফিরে যাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

 

নতুন ব্যবস্থায় অটোরিকশা চলাচলের জন্য নির্দিষ্ট জোন তৈরি করা হবে। প্রতিটি এলাকায় চাহিদা বিবেচনায় যানবাহনের সংখ্যা নির্ধারণ করা হবে। নির্ধারিত সংখ্যার অতিরিক্ত অটোরিকশা নিবন্ধনের সুযোগ থাকবে না।

 

প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকাকে মোট আটটি জোনে ভাগ করে অটোরিকশা পরিচালনার পরিকল্পনা রয়েছে। জোনভেদে অটোরিকশার রং আলাদা করা হবে এবং সংশ্লিষ্ট এলাকায় কতটি যান চলাচল করতে পারবে, সেটিও নির্ধারণ করা হবে।

 

এদিকে রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন অলিগলিতে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা বেড়েছে। এসব যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে পুলিশের তৎপরতার প্রতিবাদে চালকদের একটি অংশ আন্দোলনে নামে। তারা হয়রানি বন্ধের পাশাপাশি বৈদ্যুতিক চার্জিংয়ের ব্যবস্থা করার দাবি জানায়। আন্দোলনকারীদের পক্ষ থেকে বড় ধরনের কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়েছে।

 

নগরবাসীর প্রত্যাশা, অটোরিকশা নিয়ন্ত্রণে জোনভিত্তিক ব্যবস্থাপনা ও নির্দিষ্ট নীতিমালা বাস্তবায়ন হলে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরবে এবং যানজট ও জনভোগান্তি কমবে।

এসআর

সম্পর্কিত খবর