[email protected] শনিবার, ৩ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬ ১১:৪০ এএম

সংগৃহীত ছবি

‘অননুমোদিত’ ওয়্যারহাউসে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান

 মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের চারটি ওয়্যারহাউস সিলগালা করা হয়েছে।

​গত বৃহস্পতিবার গভীর রাতে গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ পরিচালনা করা এক যৌথ অভিযানে এসব ওয়্যারহাউস সিলগালা করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

​এনবিআর জানায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, প্রাথমিকভাবে কিছু ‘গুরুতর অসংগতি’ ধরা পড়ায় বিষয়গুলো ‘অধিকতর যাচাইয়ের জন্য’ ওয়্যারহাউসগুলো সিলগালা করা হয়েছে।

​এর আগে, গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর দক্ষিণ মানিকদীতে অবস্থিত নিউ গিনি প্রপার্টিজের একটি আবাসন প্রকল্পের বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর চালানো হয়। উক্ত হামলায় সালমান মুক্তাদিরের নিজস্ব স্টুডিও ক্ষতিগ্রস্ত হলে তিনি ফেইসবুক লাইভে এসে এ নিয়ে নানা অভিযোগ তোলেন। পরবর্তীকালে নিউ গিনি প্রপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া জমি দখল ও পূর্বশত্রুতার জেরে হামলা চালানো হয়েছে মর্মে একটি মামলা দায়ের করেন। মামলাটিতে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

​পুলিশের তথ্যমতে, এই মামলায় এখন পর্যন্ত গোলাম মহিউদ্দিন চৌধুরী এবং কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

​অন্যদিকে, দেশের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সালমান মুক্তাদিরের সমস্ত ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য তলব করেছে। সংশ্লিষ্ট সকল বাণিজ্যিক ব্যাংককে নির্দিষ্ট সময়ের মধ্যে তার সমস্ত হিসাব বিবরণী বিএফআইইউ-তে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর