কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনায় শাহরিয়ার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরের পর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে শাহরিয়ারকে আটক করা হয়। নিউ গিনি প্রপার্টিজের করা মামলায় তাকে ১ নম্বর আসামি করা হয়েছে।
রোববার সন্ধ্যায় গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। পরে রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনার একটি ভিডিও প্রকাশ করেন তিনি।
ভিডিও প্রকাশের পর দেওয়া বক্তব্যে সালমান মুক্তাদির হামলার ঘটনা নিয়ে নানা অভিযোগ করেন। একই সঙ্গে তিনি চাঁদাবাজির অভিযোগও তোলেন। এরপর স্টুডিওতে হামলা ও তার বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
এদিকে, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রেও হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, প্রায় ২০০ থেকে ২৫০ জন মুখোশধারী ব্যক্তি সেখানে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়।
এসআর