রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে
দুর্বৃত্তরা। এর মধ্যে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল। শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত দুই মোটরসাইকেল আরোহীকে প্রাথমিক তদন্তে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং তাদের গ্রেপ্তারে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, মোটরসাইকেল নিয়ে আসা দুই ব্যক্তি ঘটনাস্থলে দুই-তিন মিনিট অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এরপর দুটি ককটেল নিক্ষেপ করে তারা দ্রুত আগারগাঁও হয়ে কাফরুলের দিকে পালিয়ে যান। ঘটনার পরপরই জড়িতদের ধরতে পুরো এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা শুরু করেছে পুলিশ। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে অভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা বিষয়ে তিনি উল্লেখ করেন, দুর্বৃত্তরা প্রধান সড়ক এড়িয়ে গোপন সংযোগ সড়ক বা বিকল্প পথ ব্যবহার করায় এই সুযোগটি নিতে পেরেছে। পরবর্তীতে উদ্ধার করা অবিস্ফোরিত বস্তুটি পরীক্ষা করে তাতে কোনো ক্ষতিকর উপাদান বা স্প্লিন্টার পাওয়া যায়নি বলে জানান তিনি; প্রাথমিক পর্যালোচনায় এটিকে সাধারণ পটকা সদৃশ মনে হয়েছে।
এসআর