ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দীর্ঘদিনের ভোগদখলে থাকা একটি সম্পত্তির মালিকানা নিজের নামে নেওয়ার দাবিতে মোহাম্মদ জাকির হোসেন আদালতে মামলা করেছেন বলে জানিয়েছে সংগঠনটি।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ কার্যনির্বাহী কমিটি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিক্রিয়ায় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সংশ্লিষ্ট সম্পত্তি দীর্ঘদিন ধরে ডিআরইউর ভোগদখলে রয়েছে।
সংগঠনের সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে বিষয়টি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন তারা।
ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, ২০২২ সালে জাকির হোসেন ওই সম্পত্তি নিজের নামে নেওয়ার দাবিতে মামলা করেন। তার অভিযোগ, মামলায় ডিআরইউ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষভুক্ত করা হয়নি।
ফলে বিষয়টি গোপন রেখে একতরফা রায় পাওয়ার সুযোগ তৈরির চেষ্টা হয়েছে বলে ডিআরইউর পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে ডিআরইউ দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট সম্পত্তি ব্যবহার করে আসছে।
সংগঠনের সম্পত্তি নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত স্বার্থসিদ্ধির চেষ্টা গ্রহণযোগ্য নয়। মামলার নথিপত্র ও প্রকৃত বিষয়বস্তু আইনগতভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, জাকির হোসেনকে ঘিরে বিভিন্ন সময় নানা অভিযোগ ওঠার কথাও জানিয়েছে স্থানীয়রা।
তাদের অভিযোগের মধ্যে মারধর, অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো, জমি দখল, চলাচলের রাস্তা দখল, সরকারি খাসজমি দখল এবং মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার মতো বিষয় রয়েছে। এসব অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তবে এসব অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হওয়ার বিষয়।
এসআর