[email protected] বৃহঃস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩

ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৬ ৬:০২ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডে ইচিগো রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক বি এম রুহুল আমিন রিমনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে রেস্টুরেন্টটির রান্নাঘরে অপরিচ্ছন্ন পরিবেশ দেখতে পান ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা। এছাড়া লেবেল ছাড়া চাওমিনের হাফ-বয়েলড নুডুলসসহ বিভিন্ন খাদ্যসামগ্রী সংরক্ষণ করা হচ্ছিল। মজুত থাকা কিছু বিদেশি খাদ্যপণ্যের মোড়কেও আমদানিকারকের প্রয়োজনীয় তথ্য ছিল না।

 

অভিযানকারীরা রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছে ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স ও রেস্তোরাঁ নিবন্ধন সনদ দেখতে চাইলে তারা সেগুলো প্রদর্শন করতে পারেনি।

 

এসব অনিয়মের বিষয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়েছে।

 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম রুহুল আমিন রিমন বলেন, খাদ্য ব্যবসায়ীদের খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশনের প্রতিটি ধাপে নিরাপদ খাদ্যসংক্রান্ত নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। রান্নাঘরের পরিচ্ছন্নতা, খাদ্যপণ্যে সঠিক লেবেল এবং আমদানিকৃত পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য থাকা ভোক্তা নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।

 

তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাশত করা হবে না। ভোক্তাদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়াসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা অংশ নেন।

এসআর

সম্পর্কিত খবর