[email protected] রবিবার, ৫ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩

২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুলাই ২০২৬ ৯:০৯ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর মেট্রোরেল সেবার পরিধি আরও বাড়াতে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশ আগামী ২০২৭ সালের এপ্রিলে যাত্রীদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (এমআরটি লাইন-৬)-এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব জানান, বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরুর আগে ২০২৭ সালের জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে খালি ট্রেন চালানো হবে।

এ পরীক্ষামূলক কার্যক্রম রাতের বেলায়, নিয়মিত যাত্রীসেবা শেষ হওয়ার পর উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটে পরিচালিত হবে।

 

প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মতিঝিল-কমলাপুর সম্প্রসারণ প্রকল্পের প্রায় ৭৭ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ১ দশমিক ১৬ কিলোমিটার ভায়াডাক্ট, একটি স্টেশন এবং রেললাইন নির্মাণের বড় অংশ সম্পন্ন হয়েছে। বর্তমানে স্টেশনের স্থাপত্য, প্রবেশ ও বের হওয়ার পথসহ বিভিন্ন অবকাঠামোগত কাজ চলছে।

 

তাদের তথ্য অনুযায়ী, কমলাপুর স্টেশনের পাইল, পাইল ক্যাপ, পিয়ার, স্টেশন কলাম, কনকোর্স ছাদ, প্ল্যাটফর্ম স্ল্যাব, ট্র্যাক স্ল্যাব, প্যারাপেট ওয়াল এবং স্টিলের ছাদের নির্মাণকাজ শেষ হয়েছে। এখন স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম দরজা, সিগন্যালিং ব্যবস্থা ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপনের প্রস্তুতি চলছে। আগামী দুই মাসের মধ্যে ট্র্যাক বসানোর কাজও শেষ হওয়ার আশা করা হচ্ছে।

 

এছাড়া স্টেশনের অভ্যন্তরীণ টাইলস, স্থায়ী কাচ, রং এবং প্রবেশ-বাহির পথের কাজ দ্রুত এগিয়ে চলছে। একই সঙ্গে উত্তরা নির্মাণ ইয়ার্ডে প্রয়োজনীয় প্রিকাস্ট সেগমেন্ট তৈরির কাজও অব্যাহত রয়েছে।

 

বর্তমানে এমআরটি লাইন-৬-এর মোট দৈর্ঘ্য উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার। এর আগে ২০২৩ সালের নভেম্বরে উত্তরা উত্তর থেকে মতিঝিল অংশে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ সম্পন্ন হলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় আরও গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এসআর

সম্পর্কিত খবর