ফুটবল বিশ্বকাপকে ঘিরে রাজধানীতে বড় পর্দায় খেলা দেখার আয়োজনগুলোতে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সমর্থকদের উচ্ছ্বাস যেন কোনো ধরনের অপ্রীতিকর বা সহিংস ঘটনায় রূপ না নেয়, সে লক্ষ্যে এসব স্থানে থানা-পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি)ও দায়িত্ব পালন করবে।
শুক্রবার (৩ জুলাই) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ দেখার আয়োজন করা হচ্ছে।
এসব স্থান চিহ্নিত করে আয়োজকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে ডিএমপির অধীনস্থ সব থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট স্থানে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, খেলাকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাস যেন সীমার মধ্যে থাকে।
জয়-পরাজয় খেলাধুলারই অংশ। তাই নিজের দলের বিজয় উদযাপন করলেও অন্য দলের সমর্থকদের প্রতি সহনশীল ও শ্রদ্ধাশীল আচরণ করা উচিত।
মূলত রাজধানীর আদাবরে বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পুলিশ জানায়, গত সোমবার রাতে বিশ্বকাপে ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন কিশোর ঢোল ও বাঁশি বাজাচ্ছিল।
এ সময় হাবিব নামে এক ব্যক্তি নিরব নামে এক যুবককে মারধর করেন। ওই ঘটনার জের ধরে বিরোধ সৃষ্টি হয় এবং বুধবার রাতে আদাবরের নবোদয় হাউজিং এলাকায় স্থানীয় বিএনপির ইউনিটের সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার ময়মনসিংহ থেকে নিরব, রিপন, মজনু ও মিজানুর রহমান নামে চারজনকে গ্রেপ্তার করেছে ডিবির তেজগাঁও বিভাগ।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, প্রাথমিক তদন্তে রিপনের বিরুদ্ধে বাদশাকে ছুরিকাঘাতের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া রিপন ও নিরব সম্পর্কে আপন ভাই এবং মজনু তাদের বাবা।
এদিকে হামলায় গুরুতর আহত স্থানীয় বিএনপির ইউনিটের সভাপতি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন।
এসআর