তুরাগ নদ থেকে একাধিক লাশ উদ্ধারের দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য, ছবি ও ভিডিওর কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে এমন কোনো ঘটনার প্রমাণ মেলেনি বলেও জানিয়েছে সংস্থাটি।
রোববার (২৮ জুন) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন নজরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, তুরাগ থানা এলাকায় ধারাবাহিকভাবে লাশ উদ্ধার বা এ ধরনের কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে—এমন তথ্য পুলিশের কাছে নেই। এছাড়া এ বিষয়ে থানায় কোনো অভিযোগ, সাধারণ ডায়েরি (জিডি) বা মামলাও দায়ের হয়নি।
এস এন নজরুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাই করতে গিয়ে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়ে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে আরও জানানো হয়, মিরপুর ক্রাইম বিভাগের আওতাধীন পল্লবী ও রূপনগর থানার তথ্যও পর্যালোচনা করা হয়েছে। সেখানেও প্রচারিত দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো ঘটনা বা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
পুলিশ জনগণকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য, ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার না করার আহ্বান জানিয়েছে।
এসআর