দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে থাকা বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাস নিয়ে স্বস্তির
খবর মিলেছে। শনিবার (৪ জুলাই) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের (IQAir) সর্বশেষ সূচকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর রেকর্ড করা হয়েছে ৬৯, যা বায়ুমানের পরিমাপ অনুযায়ী সহনীয় বা মাঝারি মানের হিসেবে গণ্য করা হয়।
এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান এখন ২৮ নম্বরে, যা আগের তুলনায় বেশ ভালো। তবে আবহাওয়া ও সময়ের পরিবর্তনের সাথে সাথে বেলা বাড়ার সাথে সাথে এই বায়ুমান কিছুটা ওঠানামা করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে, আইকিউএয়ারের এই একই সূচকে ১৯৫ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে কঙ্গো, যার বাতাসকে সরাসরি 'অস্বাস্থ্যকর' হিসেবে চিহ্নিত করা হয়েছে। শীর্ষ দূষিত এই তালিকায় আরও রয়েছে উগান্ডার কাম্পালা, পাকিস্তানের লাহোর, ইন্দোনেশিয়ার জাকার্তা, চিলির শান্তিয়াগো এবং ভারতের দিল্লি ও কলকাতা। এছাড়া ইরাকের বাগদাদ, ইথিওপিয়ার এডিস আবাবা, চীনের চেংডু, ইসরায়েলের জেরুজালেম এবং যুক্তরাষ্ট্রের ডেনভার শহরগুলোর বায়ুমান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী স্কোর ০-৫০ হলে বাতাস 'ভালো', ৫১-১০০ হলে 'মাঝারি', ১০১-১৫০ হলে 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর', ১৫১-২০০ হলে 'অস্বাস্থ্যকর', ২০১-৩০০ হলে 'খুব অস্বাস্থ্যকর' এবং ৩০১-৪০০ হলে 'ঝুঁকিপূর্ণ' বলে বিবেচনা করা হয়।
এসআর