রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নজরদারি ও সিগন্যাল ব্যবস্থার সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার।
এর আওতায় ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ধাপে ধাপে এআই ক্যামেরা ও স্মার্ট ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে ৭৬টি গুরুত্বপূর্ণ মোড়ে এ প্রযুক্তি চালুর পরিকল্পনা থাকলেও পরবর্তীতে তা আরও বিস্তৃত করে প্রায় ১২০টি মোড়কে আধুনিক ট্রাফিক ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে সম্প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়।
প্রকল্প বাস্তবায়নে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাশাপাশি উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন সমন্বিতভাবে কাজ করবে।
রাজধানীর প্রধান সড়কগুলোতে স্বয়ংক্রিয় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর মাধ্যমে যানজট কমানো এবং সড়ক ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, এ উদ্যোগ বাস্তবায়নে অতিরিক্ত সরকারি বরাদ্দের প্রয়োজন হবে না।
ডিএমপির নিজস্ব অর্থায়নেই প্রকল্পের ব্যয় নির্বাহ সম্ভব বলে তারা মনে করছেন।
এর আগে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে পরীক্ষামূলকভাবে আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু করা হয়।
দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব সিগন্যাল স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হলেও প্রয়োজনে ম্যানুয়াল নিয়ন্ত্রণের ব্যবস্থাও রাখা হয়েছে।
চলতি বছরের মে মাস থেকে নির্বাচিত কিছু ট্রাফিক পয়েন্টে এআইভিত্তিক ক্যামেরা পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু করে ডিএমপি।
এসব ক্যামেরায় বিশেষ সফটওয়্যার সংযুক্ত করা হয়েছে, যা সড়ক পরিবহন আইন লঙ্ঘনের বিভিন্ন ঘটনা শনাক্ত করতে সক্ষম।
তবে রাজধানীতে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার অতীত অভিজ্ঞতা খুব একটা সফল নয়।
গত কয়েক দশকে বিশ্বব্যাংক ও জাইকার অর্থায়নে বিভিন্ন সময়ে একাধিক আধুনিক সিগন্যাল ব্যবস্থা স্থাপন করা হলেও সেগুলোর বেশিরভাগই দীর্ঘমেয়াদে কার্যকর রাখা সম্ভব হয়নি।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, উন্নত প্রযুক্তিনির্ভর নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যার কিছুটা হলেও সমাধান মিলতে পারে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হবে।
এসআর