রাজধানীর খালগুলোর সঠিক সীমানা নির্ধারণ ও সংরক্ষণ কার্যক্রম জোরদার করতে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য পৃথক কমিটি গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার বিভাগের জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। রোববার প্রতিমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে ঢাকার খালগুলো রক্ষায় সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের আলোকে দুই সিটি করপোরেশনের জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জন্য ১২ সদস্যবিশিষ্ট কমিটির নেতৃত্বে থাকবেন প্রধান প্রকৌশলী। কমিটিতে সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও জেলা প্রশাসন, সেটেলমেন্ট অফিস, পুলিশ, ওয়াসা, রাজউক, পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জন্য ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়কও সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী। বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এ কমিটি সংশ্লিষ্ট এলাকার খালগুলোর সীমানা নির্ধারণে কাজ করবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে অগ্রাধিকারভিত্তিতে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের আওতাধীন সব খালের সীমানা চিহ্নিত করে বিস্তারিত প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগে জমা দিতে হবে।
কমিটিগুলো প্রয়োজনে সিটি করপোরেশনের প্রশাসকদের পরামর্শ নিতে পারবে এবং কাজের প্রয়োজন অনুসারে অতিরিক্ত সদস্যও যুক্ত করতে পারবে।
স্থানীয় সরকার বিভাগের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর খালগুলোর প্রকৃত সীমানা নির্ধারণ সহজ হবে, অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম গতিশীল হবে এবং জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যাবে।
এসআর