রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
বুধবার বিকেল প্রায় ৫টা ৫০ মিনিটে সাত মসজিদ সড়কের ২৭ নম্বর ভবনের ছাদের একটি কক্ষে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পাওয়ার পর দ্রুত মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, পাঁচতলা ওই ভবনে বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান এবং একাধিক ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও এখনও বিস্তারিত জানা যায়নি।
ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছেন।
এসআর