রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান এবং প্রধান সড়কগুলোর উন্নয়নকাজ বাস্তবায়নে ২১০ কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ চেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
প্রস্তাবিত অর্থ তিনটি পৃথক উন্নয়ন প্রকল্পে ব্যয় করার পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্পের আওতায় প্রায় ১১ দশমিক ৯ কিলোমিটার মাস্টার ড্রেনেজ লাইন নির্মাণ এবং ২০ কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
সূত্র জানায়, এ বিষয়ে গত ৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তারের কাছে একটি আবেদনপত্র পাঠান ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। পরবর্তীতে ২১ মে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, নিউমার্কেট, বিজিবি এলাকা, ঢাকেশ্বরী মন্দির, বুয়েট, ঢাকা শিক্ষা বোর্ড, বকশিবাজারসহ আশপাশের এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে নগরবাসীকে নিয়মিত ভোগান্তির মুখে পড়তে হয়।
ডিএসসিসি জানিয়েছে, নিজস্ব অর্থায়নে এসব বড় প্রকল্প বাস্তবায়ন করা বর্তমানে সম্ভব নয়। তাই জরুরি ভিত্তিতে বিশেষ বরাদ্দ প্রয়োজন।
প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড়টি হলো নিউমার্কেট ও বিজিবি এলাকা হয়ে নবাবগঞ্জ স্লুইস গেট পর্যন্ত প্রায় ৮ দশমিক ৪৩ কিলোমিটার দীর্ঘ মাস্টার ড্রেনেজ লাইন নির্মাণ। এ প্রকল্পের জন্য ১২০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।
এ ছাড়া ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে ঢাকা শিক্ষা বোর্ড, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বকশিবাজার ও চকবাজার হয়ে সোয়ারীঘাট পর্যন্ত প্রায় ৩ দশমিক ৪৬ কিলোমিটার ড্রেনেজ লাইন নির্মাণে ৬০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে।
অন্যদিকে, দক্ষিণ সিটি করপোরেশনের ১০টি অঞ্চলের প্রধান সড়ক সংস্কারের জন্য অতিরিক্ত ৩০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। এ অর্থ দিয়ে প্রায় ২০ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে রাজধানীর পুরান ঢাকা ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর জলাবদ্ধতা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে এবং নগরবাসীর চলাচল আরও সহজ হবে।
এসআর