[email protected] শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

চাপ ও প্রভাব উপেক্ষা করে হাসপাতালের অনুমোদন বাতিল করা হয়েছে’—স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুন ২০২৬ ৫:১০ পিএম

সংগৃহীত ছবি

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্যখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

কোনো ধরনের প্রভাব বা আর্থিক প্রলোভনের কাছে নতি স্বীকার না করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শনিবার (১৩ জুন) নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী দাবি করেন, একটি বেসরকারি হাসপাতাল তাদের কার্যক্রম অব্যাহত রাখতে নানা চেষ্টা চালালেও সরকার নিয়মনীতি অনুসরণ করে প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে। তিনি বলেন, স্বাস্থ্যসেবার মান ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার আপসহীন নীতি অনুসরণ করছে।


বক্তব্যে তিনি আরও বলেন, অতীতের দুর্নীতি ও অর্থপাচারের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বর্তমান সরকার স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে। সরকারি সেবা গ্রহণে ঘুষ বা অনিয়মের সুযোগ কমিয়ে আনার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে একটি বিশেষ পাইলট প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রোগীদের প্রাথমিক সেবা ও পরামর্শ দেবেন। প্রয়োজন হলে রোগীকে হাসপাতালে পাঠানো হবে।


তিনি জানান, চীনের সহযোগিতায় ৩ হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব হাসপাতালে নারী ও শিশুদের চিকিৎসার জন্য বিশেষ সুবিধা রাখা হবে।

পাশাপাশি সংকটাপন্ন রোগীদের দ্রুত চিকিৎসাসেবা দিতে হেলিকপ্টারভিত্তিক জরুরি পরিবহন ব্যবস্থাও চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।


মন্ত্রী আরও বলেন, আগামী কয়েক মাসের মধ্যে দেশের বিভিন্ন স্থানে নতুন শিশু হাসপাতাল চালু করা হবে, যা শিশুস্বাস্থ্য সেবার পরিধি বাড়াতে সহায়ক হবে।


অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় দুই শতাধিক অসহায় ও নিম্নআয়ের মানুষের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী।

এসআর

সম্পর্কিত খবর