রাজধানী ঢাকায় মঙ্গলবার (২৬ মে) দুপুরের পর শুরু হওয়া ভারী বৃষ্টি ও দমকা হাওয়ায় নগরজুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
বৃষ্টি শুরু হওয়ার পর রাজধানীর বাস টার্মিনাল, রেলস্টেশন ও প্রধান সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়। অনেক যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। কেউ ছাতা হাতে, আবার কেউ ভিজে অবস্থাতেই গন্তব্যের উদ্দেশে রওনা দেন।
একই সঙ্গে পশুর হাটগুলোতেও দেখা দিয়েছে চরম ভোগান্তি। বিভিন্ন জেলা থেকে কোরবানির পশু নিয়ে আসা ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টিতে হাটের অনেক জায়গা কাদাপানিতে ডুবে গেছে। এতে পশু রাখাসহ খাবার সরবরাহ ও ক্রেতাদের চলাচলে সমস্যা তৈরি হয়েছে। কাদার কারণে পশু কেনাবেচার পরিবেশও ব্যাহত হচ্ছে।
রাজধানীর মিরপুর কালশি রোড, মিরপুর-১০, কাজীপাড়া ও আশপাশের এলাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে যায়। কোথাও ড্রেন উপচে নোংরা পানি রাস্তায় উঠে আসায় মানুষের দুর্ভোগ আরও বাড়ে।
শুধু দিয়াবাড়ি নয়, রাজধানীর প্রায় সব পশুর হাটেই জলাবদ্ধতার চিত্র দেখা গেছে। বিশেষ করে কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ী পর্যন্ত বিস্তৃত পশুর হাট এলাকায় পরিস্থিতি বেশি খারাপ। সেখানে হাটের বড় একটি অংশ পানির নিচে চলে যাওয়ায় পশুগুলোকে দীর্ঘ সময় পানিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকাসহ আশপাশের বেশ কয়েকটি জেলায় দুপুর ও বিকালের মধ্যে ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এসআর