[email protected] বৃহঃস্পতিবার, ২১ মে ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যেই অপসারণের ঘোষণা ডিএসসিসির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মে ২০২৬ ৬:৩৪ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণের প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম জানিয়েছেন, পশু জবাইয়ের পর সর্বোচ্চ ৮ ঘণ্টার মধ্যেই নগরীর বর্জ্য পরিষ্কার করা হবে।

 

বুধবার রাজধানীর পুরান এলিফ্যান্ট রোড এলাকায় একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) সৌন্দর্যবর্ধন কার্যক্রম উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

 

তিনি বলেন, কোরবানির পশুর হাট শেষ হওয়ার পর রাত থেকেই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে ইজারাদারদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং সিটি করপোরেশনের পক্ষ থেকে পূর্ণ প্রস্তুতি রাখা হয়েছে।

 

ডিএসসিসি প্রশাসক আরও জানান, দক্ষিণ সিটি এলাকায় ১১টি পশুর হাট বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি হাটে নিরাপত্তা ও সেবার জন্য নিয়ন্ত্রণ কক্ষ, চিকিৎসকসহ মেডিকেল টিম এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ টহলের ব্যবস্থা থাকবে।

 

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আগাম প্রস্তুতির কথাও তুলে ধরেন তিনি। তার ভাষ্য, ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে নগরবাসীকেও বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।

 

এসটিএস আধুনিকায়নের বিষয়ে আব্দুস সালাম বলেন, একসময় দুর্গন্ধের কারণে যেসব স্থানে বর্জ্যকেন্দ্র স্থাপন নিয়ে আপত্তি ছিল, আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে সেগুলো এখন পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি কেন্দ্র উন্নত করা হয়েছে এবং পর্যায়ক্রমে সবগুলোকে আধুনিক রূপ দেওয়া হবে।

 

তিনি আরও বলেন, নগরীর সৌন্দর্য রক্ষা, যানজট ও দূষণ কমাতে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য নগরবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

 

অনুষ্ঠানে সিটি করপোরেশনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর